‘করোনাভাইরাস ইনফরমেশন হাব’ চালু করেছে হোয়াটসঅ্যাপ
মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের সমর্থনে দুটি উদ্যোগের কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। একটি হলো- ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ইউএনডিপি-র সাথে অংশীদারিত্বে হোয়াটসঅ্যাপ করোনভাইরাস ইনফরমেশন হাব -এর বিশ্বব্যাপী উদ্বোধন এবং আরেকটি হলো- পোয়েন্টার ইনস্টিটিউটের আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ককে (আইএফসিএন) এক মিলিয়ন ডলার অনুদান প্রদান।
বুধবার হোয়াটসঅ্যাপ.কম/করোনাভাইরাস-এ হোয়াটসঅ্যাপ করোনাভাইরাস ইনফরমেশন হাব চালু করা হয়। এই ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগকারী সকল স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ, কমিউনিটি লিডার, এনজিও, স্থানীয় সরকার এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য সহজ ও কার্যকর দিকনির্দেশনা দেয়া হয়েছে।
এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে সরাসরি ব্যবহারের জন্য মেসেজিং হটলাইন সেবা দিতে ইউনিসেফ এবং ডাব্লুএইচও-এর সাথে কাজ করছে। এই হটলাইনগুলো হোয়াটসঅ্যাপ করোনাভাইরাস ইনফরমেশন হাবে তালিকাভুক্ত করা হবে।
এছাড়াও আইএফসিএনকে দেয়া হোয়াটসঅ্যাপের ১ মিলিয়ন ডলারের মাধ্যমে করোনাভাইরাসফ্যাক্টস অ্যালায়েন্সের ফ্যাক্ট-চেকিং-এর কাজ চলবে যা কমপক্ষে ৪৫ টি দেশের ১০০ টিরও বেশি স্থানীয় সংস্থায় পৌঁছাবে। গত এক বছরে হোয়াটসঅ্যাপ সরাসরি ১২টিরও বেশি ফ্যাক্ট চেকিং সংস্থাকে সরাসরি হোয়াটসঅ্যাপে সংযুক্ত করতে কাজ করেছে যাতে তারা ক্রাউডসোর্স করতে পারে এবং হোয়াটসঅ্যাপ ও এসএমএসের মাধ্যমে ছড়ানো গুজবগুলোকে রিপোর্ট করতে পারে। এই অনুদানের অর্থে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই সহ হোয়াটসঅ্যাপ বিজনেসে উন্নত ফিচারগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।